ঢাকা : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ভোট চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
ভোট চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আচরণবিধির ঊর্ধ্বে। আমার জন্য আচরণবিধির কোনো লঙ্ঘন নেই। আমি পার্টির চেয়ারম্যান, কর্মীদের পাশে আমাকে দাঁড়াতেই হবে।’
অথচ নির্বাচন কমিশনের আচরণ বিধির ১৪ নং অনুচ্ছেদে সরকারি সুবিধাভোগী কতিপয় ব্যক্তির নির্বাচনী প্রচারণা এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বাধা নিষেধ সংক্রান্ত বিধির ‘ক’ ধারায় বলা হয়েছে, ‘জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিপ হুইপ, হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাহাদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি, নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না।’
রাজধানীর উত্তর জুরাইন মুন্সীবাড়ী শাহাদাত হোসেন রোডে জাতীয় পার্টি শ্যামপুর-কমদতলী থানা আয়োজিত কর্মী সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ প্রার্থীদের পক্ষে সরাসরি প্রচারণা চালান।
এর আগে এরশাদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘মিলন আমাদের প্রার্থী। ওর জেতার সম্ভাবনা আছে। আমাদের অর্থের অভাব আছে, সংগঠনের অভাব আছে। তারপরও ওর জেতার সম্ভাবনা আছে। ওর জন্য দোয়া চাই। তোমরা ওকে ভোট দেবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান