ঢাকা : কর্মসূচির সময় গাড়ি পোড়ানোসহ যেসব সন্ত্রাসী কর্মকা- হয়েছে তার দায় বিএনপিকে নিতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ করে একথা বলেন তিনি ।
প্রধান বিচারপতি বলেন, ‘যেহেতু আপনারা (বিএনপি) আন্দোলনের ডাক দিয়ে যেসব গাড়ি পুড়িয়েছেন, সন্ত্রাসী কর্মকা- চালিয়েছেন এসবের দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’
আপিল বিভাগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানিতে প্রধান বিচারপতি একথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতির এমন বক্তব্যের পর আমি জবাবে বলেছি- দেশনেত্রী (খালেদা জিয়া) বার বার বলেছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে। আমাদের মহাসচিবের তরফ থেকেও এমন কোনো বক্তব্য নেই যে, কোনো রকম উস্কানি দিয়েছেন।’
খন্দকার মাহবুব বলেন, ‘তার (ফখরুল) বিরুদ্ধে একমাত্র অভিযোগ উস্কানি দেওয়া। রাষ্ট্রপক্ষও বলেছে তার উস্কানির কথা। বিষয়টি এখন বিচারে আছে। বিচারে প্রমাণ হলে তখন দেখা যাবে।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘ফখরুল সাহেব জামিনের দরখাস্ত দিয়েছিলেন। হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। আমরা তার বিরুদ্ধে আপিল করেছি। আজ আপিল বিভাগে শুনানি হয়েছে।’
তিনি বলেন, ‘শুনানিতে বলেছি যে কোনো রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে যদি ধংসাত্মক কাজ হয় বা কাউকে হত্যা করা হয়, সম্পত্তি ধংস করা হয় সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন, তারা এর দায় থেকে অব্যাহতি পেতে পারেন না।’
প্রসঙ্গত, পল্টন থানার তিন মামলায় ফখরুলকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী রবিবার আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দিবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান