চট্টগ্রাম : হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ সদস্যের টিম গঠন করেছে চট্টগ্রাম পুলিশ।
ব্লগার হত্যাসহ বিভিন্ন জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততা এবং সার্বিক বিষয় খতিয়ে দেখতে এই টিম।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানকে এ টিমের প্রধান করা হয়েছে।
শুক্রবার রাতে সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল এ টিম গঠন করেন।
টিমের অন্যান্য সদস্যরা হলেন, উপ কমিশনার (বিশেষ শাখা) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) এস এম তানভির আরাফাত, সহকারি কমিশনার (ডিবি-বন্দর) এবিএম ফয়জুল ইসলাম, সহকারি কমিশনার (ডিবি-উত্তর) মো.কামরুজ্জামান এবং নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহিদুল ইসলাম, আব্দুর রউফ ও আতিক আহমেদ চৌধুরী এবং উপ-পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বন্দর) এবিএম ফয়জুল ইসলাম বলেন, মুফতি ইজাহারকে জিজ্ঞাসাবাদসহ সার্বিক বিষয়ে ১০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইজাহারকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাইবাছাই করা হচ্ছে। তবে টিম গঠনের পর শুক্রবার রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি পৃথক তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। প্রায় দু’বছর ধরে তিনি পলাতক ছিলেন।
মুক্তমনা ব্লগারদের খুনে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার বাংলাদেশের কর্মকা- সম্পর্কে তথ্য জানতে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান