ঢাকা: রাজধানীর মতিঝিলে জামিলা দারুল উলুম মাদরাসার এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মাদরাসার মসজিদ থেকে আব্দুর রহমান (১৮) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার তালগাছী গ্রামের নুরুল হকের ছেলে। সে ওই মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
মাদরাসার শিক্ষক হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে কয়েকজন ছাত্র মাদরাসার মসজিদের তৃতীয় তলায় পড়ালেখা করছিল। রাত ১২টার পরে ছাত্ররা যে যার রুমে চলে যায়।
তিনি জানান, ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে আব্দুর রহমানকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ডাকাডাকিতে তার ঘুম না ভাঙায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমজাদ আলী জানান, ওই মাদরাসাছাত্রের মৃত নিশ্চিত জেনেই শিক্ষকরা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আসার পর তারা বলেন, আব্দুর রহমান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে।
লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান