ঢাকা: টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধানের পদে ইকবাল মাহমুদকে নিয়োগের আদেশ দেওয়ার এক মাসের মধ্যে তাতে পরিবর্তন এনেছে সরকার।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রকৌশলী শাহজাহান মাহমুদকে বিটিআরসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি। তিনি সেখানে শাহ মাহমুদ নামে পরিচিত।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের মেয়াদ আগামী অক্টোবর মাসে শেষ হচ্ছে।
তার উত্তরসূরি হিসেবে গত ২৫ অাগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদের নাম ঘোষণা করা হয়।
এর মধ্যেই বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ইকবাল মাহমুদকে নিয়োগের আদেশ বাতিল করে। একই সঙ্গে শাহজাহান মাহমুদকে চেয়ারম্যান পদে নিয়োগের আদেশ জারি করে।
২০১২ সালে সরকার ‘সিনিয়র সচিব’ নামে নতুন পদ সৃষ্টি করলে আরও সাতজনের সঙ্গে ইকবাল মাহমুদও ওই পদ পান। সে সময় তিনি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব।
ওই বছর নভেম্বরে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পান। গতবছর ডিসেম্বরে তার ওই দায়িত্বের মেয়াদ শেষ হয় এবং তিনি অবসরোত্তর ছুটিতে যান।
বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ বর্তমানে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন। পিআরএল বাতিলের শর্তে ২৩ অক্টোবর থেকে তিন বছরের চুক্তিতে তাকে নিয়োগের আদেশ হয়েছিল, যা এখন বাতিল হল।
শাহজাহান মাহমুদকে নিয়োগের আদেশে বলা হয়েছে, অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১১ মে, ২০১৮ সাল পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান