ঢাকা: রাজধানীর উত্তরায় তাইওয়ানি দম্পতি হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। ঢাকা মুখ্য মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চান। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামির আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ করে আদালত।
শুক্রবার গভীর রাতে তাইওয়ানের ওই দম্পতির বাসায় ঢুকে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত করে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় তিন হামলাকারী। আহত ওয়াং মিং চি (৫৪) এবং তার স্ত্রী লিও লি হুয়া (৫০) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই দম্পতি বাংলাদেশে প্রায় দশ বছর ধরে আছেন। গাজীপুরের গাছা এলাকায় তাদের কারখানায় পিভিসি ডোর ও সিলিং তৈরি করা হয়। ওয়াং মিং চি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। আর তার স্ত্রীও এর একজন পরিচালক।
এই ঘটনায় জড়িত অভিযোগে ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী জাহাঙ্গীরকে শুক্রবার ভোরে সাভারের বাইপাইল থেকে গ্রেফতার করে পুলিশ।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ওয়াং মি চির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার স্ত্রী লিও লি হুয়ার অবস্থা উন্নতির দিকে। হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওয়াং মিং চি এখনও সংজ্ঞাহীন। প্রয়োজনীয় সকল চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। তবে তার স্ত্রী এখন আশঙ্কামুক্ত।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, তাইওয়ানি দম্পতির ওপর হামলার ঘটনাটি ব্যবসায়িক বিরোধ নিয়ে ঘটেছে। আর এ ঘটনায় জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করা গেছে। একজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। অন্য দুই জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর ওই তিন জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান