মানিকগঞ্জ: বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘু চাপের প্রভাবে প্রবল বাতাস ও নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে বুধবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তবে, স্বাভাবিক রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে চাপ সৃষ্টি হয়েছে যাত্রী পারাপারের। লঞ্চের চেয়ে ফেরিতে নদী পার হতে যাত্রীদের প্রায় আধা ঘণ্টা সময় বেশি লাগছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছতে ভোগান্তি বেড়ে গেছে অনেকের।
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া ও যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথে ৩২টি লঞ্চ নিয়মিত চলাচল করে। এরমধ্যে আরিচা-কাজিরহাটে নৌপথে যাত্রীদের চাপ অনুযায়ী প্রতি দিন চলাচল করে ৫-৮টি লঞ্চ।
মঙ্গলবার রাত থেকে বৈরী আবহাওয়ায় প্রবল বাতাসের কারণে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয় ওই পদ্মা ও যমুনায়। এতে লঞ্চ চলাচল ঝুঁকির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বুধবার সকাল ১০টা থেকে ওই নৌপথ দুইটিতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলেই আবার লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি রো রো (বড়), চারটি ইউটিলিটি (মাঝারি) ও একটি কে-টাইপ (ছোট) ফেরি চলাচল করছে। প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ে ফেরিগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে। ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে রয়েছে আড়াশ’ ট্রাকসহ তিন শতাধিক যানবাহন।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে।
এতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সব ধরনের নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান