ডেস্ক : ফারাক্কা বাঁধ এখন ভারতের নিজের জন্যই মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, একসময় আমরা বলেছি ফারাক্কার বাঁধ আমাদের জন্য মরণফাঁদ। কিন্তু এখন তা ভারতের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ভারতের অনেকে একে মরণফাঁদ বলছেন। তারা ফারাক্কার পুরো বাঁধ ছেড়ে দিলে কিংবা ভেঙে দিলে আমাদের দেশে কোনো ধরনের সমস্যা হবে না। পদ্মার পানি এখনো বিপৎসীমার নিচে আছে।
এ সময় তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আমার মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য আমরা নভেম্বর মাস পর্যন্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। ফারাক্কা বাঁধের পানিতে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না বলে আমরা মনে করি।’
জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, নৌ পুলিশের এসপি সুব্রত কুমার হালদার, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
পরে মন্ত্রী জেলা পুলিশ আয়োজিত মাদকদ্রব্যের কুফল ও প্রতিকারবিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান