রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না সে জন্য সময় চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী।
রাজধানীর কারা অধিদফতরে বুধবার (৩১ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানান।
ইফতেখার উদ্দীন বলেন, ‘মীর কাসেম আলী প্রাণভিক্ষার বিষয়ে জানিয়েছেন, আমাকে একটু সময় দিন।’
তিনি বলেন, মানবতার দিক চিন্তা করে মীর কাসেমকে প্রাণভিক্ষার বিষয়ে ভাবার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে। তবে তিনি সর্বোচ্চ ৭দিন সময় পাবেন।
গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে স্বজনরা দেখা করেছেন জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বুধবার সকালে মীর কাসেমের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করতে চেয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। রায় কার্যকরের আগে আরেকবার দেখা করতে দেওয়া হতে পারে।
এর আগেও অন্যান্য ফাঁসির রায় কার্যকরের আগেও আসামির সঙ্গে তাদের স্বজনদের দেখা করতে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
কারা মহাপরিদর্শক আরও বলেন, ফাঁসির রায় কার্যকর হলে তা কোথায় হবে, সেটি সার্বিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মীর কাসেম আলীর রিভিউ মঙ্গলবার (৩০ আগস্ট) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। ইতোমধ্যে রিভিউ খারিজের বিষয়টি তাকে পড়ে শোনানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান