নির্বাচনে বিজয়ী দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে মুসলিম ওই নারীর নাম প্রস্তাব করা হয়। অপেক্ষা ছিল কেবল প্রেসিডেন্টের অনুমোদন। তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এমনটাই ছিল অনেকের ধারণা।
প্রেসিডেন্ট অনুমোদন দিলে রোমানিয়া এবং ইউরোপের প্রথম নারী ও মুসলিম প্রধানমন্ত্রী হতে পারতেন সেভিল শাইদেহ।
শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ী দল সোশ্যাল ডেমোক্র্যাটসের মনোনয়ন খারিজ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রেকর্ড গড়ে প্রধানমন্ত্রী হওয়া হলো না এই তাতার মুসলিম নারীর।
রোমানিয়ার ১১ ডিসেম্বরের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বাম-ঘেঁষা দল পিএসডি। দলের নেতা রিভিউ ড্রাগনিয়া প্রধানমন্ত্রী পদে দলের মুসলিম একজন নারী রাজনীতিককে মনোনীত করে বিস্ময় সৃষ্টি করেছিলেন।
সারা বিশ্বেই আলোচিত হতে থাকে একজন মুসলিম নারী ইউরোপের একটি দেশে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে শাইদেহ'র মনোনয়ন নিয়ে যত না বিস্ময় তৈরি হয়েছিল, তার মনোনয়ন খারিজ করে তার চেয়েও বেশী বিস্ময় তৈরি করলেন রোমনিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস।
শাইদহের মনোনয়ন খারিজের ব্যাখ্যা না দিয়ে প্রেসিডেন্ট বলেন, 'আমি প্রস্তাবের পক্ষে-বিপক্ষের সব যুক্তি-তর্ক বিশ্লেষণ করে দেখেছি এবং আমি এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।'
নির্বাচনী জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পিএসডি নেতা ড্রাগনিয়া আইনিভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই শাইদেহকে প্রধানমন্ত্রী বানিয়ে তিনি কলকাঠি নাড়ার পরিকল্পনা করেছিলেন অভিযোগ উঠেছিল।
সেভিল শাইদেহ রোমানিয়ার সংখ্যালঘু তাতার মুসলিম সম্প্রদায়ের। দেশটির প্রায় ৬৫ হাজার মুসলিমের প্রতিনিধিত্বকারী এই নারী বিয়ে করেছেন একজন সিরীয় ব্যবসায়ীকে। পিএসডি'র নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান