ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেয়ের প্রক্সি দেয়ার দায়ে এক ছেলেকে আটক করেছে কক্ষ পরিদর্শকরা।
ওই ছেলের নাম ইন্দ্রজিত কুমার। রোববার আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের শেষ শিফটে বিকেল ৪টার দিকে ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১২৫ নম্বর রুম থেকে তাকে আটক করা হয়।
পরে প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (কুষ্টিয়া ডিসি অফিস) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইমলাম কমল তাকে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন-১৯৮০ এর ৩ নং ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ভর্তি জালিয়াতির মূল হোতা হিসেবে কাজ করেছে বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এদের সাথে যারা জড়িত আছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে।
জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমিও জালিয়াত গ্রুপকে শনাক্ত করে সর্বোচ্চ শস্তি দাবি করছি।
ওই কক্ষের প্রধান পরিদর্শক অধ্যাপক শাহজাহান মন্ডল বলেন, ইন্দ্রজিত ওএমআর শিটে নিজের রোল পূরণ না করে অন্য একটি রোল পূরণ করে। উত্তর শিটে স্বাক্ষর করার সময়ে এটি আমাদের চোখে পড়লে আমারা তাকে জিজ্ঞেসাবাদ করি। একপর্যায়ে ইন্দ্রজিত জালিয়াতির বিষয়টি স্বীকার করে বলে, ‘স্যার আমি সারেন্ডার করলাম আমাকে পার করে দেন।’ পরে আমারা তাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটির হাতে তুলে দেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান