চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের তিন সদস্য পদত্যাগের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন এম আওয়াল। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরোজ আহমেদ। দুজনেই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার রাজধানীর লে মেরিডিয়ানে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ তিন পরিচালকের পদত্যাগপত্র অনুমোদিত হয়। পরে নতুন তিন পরিচালক নির্বাচন করা হয়। পরে পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ পর্ষদ পুনর্গঠন করা হয়।
নতুন পরিচালকরা হলেন, মোস্তাক আহমদ চৌধুরী, সাজির আহমেদ ও শিরিন শেখ মাঈন উদ্দিন।
লে মেরিডিয়ানে এজিএম অনুষ্ঠানে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার ছেলে ফয়সাল মোরশেদ খানসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোরশেদ খান বলেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ব্যাংকের পরিচালক পদ ছাড়তে হয়েছে। এম এ আওয়ালকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
নতুন নির্বাচিত পরিচালক নাজির আহমেদ পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদের ছেলে। আর শিরিন শেখ ও মোস্তাক আহমদ হলেন এম মোরশেদ খানের প্রতিনিধি।
ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকিং খাতে মালিকানা বদল নিয়ে গত কিছুদিন ব্যাংক খাতের শেয়ারে অস্থিরতা রয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে বিভিন্ন ব্যাংকের মালিকানায় প্রবেশ করছে বলেও খবর এসেছে।
এর মধ্যে গত মাসের ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির তিন কোটি ৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি। অন্তত দুবছরের মধ্যে এবি ব্যাংকের এত শেয়ার হাতবদল হয়নি। এর আগে গত ৩১ মার্চ সর্বোচ্চ দুই কোটি ৮১ লাখ শেয়ার হাতবদল হয়েছিল।
তখন দেশি-বিদেশি যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক এবি ব্যাংকের মালিকানা পরিবর্তনের গুঞ্জন তৈরি হয়। ব্যাংকটির প্রায় ২৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে এম মোরশেদ খানের হাতে।
প্রসঙ্গত, প্রথম দফায় গত ১৭ আগস্ট ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে ব্যাংকটির এজিএম অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ১৪ আগস্টের পর্ষদ সভায় তা বাতিল করা হয়। এরপর সিদ্ধান্ত হয় ২১ ডিসেম্বর কুর্মিটোলা গলফ ক্লাবে এ দুটি সভা হবে। কিন্তু শেষে এসে আবার স্থান পরিবর্তন করা হয়। সর্বশেষ রোববার এজিএমের স্থান পরিবর্তন করে লে মেরিডিয়ানে ঠিক করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত ছয় মাসে ব্যাংকটির উল্লেখযোগ্য শেয়ার কিনেছে চট্টগ্রামভিত্তিক একটি শিল্প গ্রুপ। তারা এখন ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে। একই প্রক্রিয়ায় এর আগে ইসলামী ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংকেও পরিবর্তন আসে। এ দুটি পরিবর্তনই ঘটে রাজধানীর দুটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সভায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান