ডেস্ক : কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। তাদের আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন, আগামী নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক জোট নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে যান বলে সূত্র জানিয়েছে।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে যায়নি সিপিবি। নির্বাচনের আগে গণভবনে সিপিবির সঙ্গে বৈঠক করে তাদের নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু সেবার নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে অপারগতা প্রকাশ করে সিপিবি। সম্প্রতি আটটি বাম দল নিয়ে 'বাম গণতান্ত্রিক জোট' নামে একটি জোট করেছে কমিউনিস্ট পার্টি।
অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও নির্বাচনী মহাজোট বৃদ্ধির তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জানান, কমিউনিস্ট পার্টিকে নির্বাচনে আনার ব্যাপারে আওয়ামী লীগের আগ্রহ রয়েছে। আট দলীয় জোট করার পর তাদের প্রতি আগ্রহ আরও বেড়েছে। তাদের সঙ্গে প্রাথমিক একটা কর্ম সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য থেকে ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে যেতে পারেন।
অন্যদিকে সিপিবির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরের আগমন অনির্ধারিত। কমিউনিস্ট পার্টি এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান