ডেস্ক : একটি বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ করে শ্রমিকরা তাদের থাকার জন্য অস্থায়ী শেডে চলে যান। এর মধ্যে অনেকে ঘুমিয়েছিলেন কেউ নিচ্ছিলেন ঘুমের প্রস্তুতি। ঠিক তখনই হঠাৎ তুমুল বেগে শুরু হয় ঝড়, সঙ্গে ভারী বৃষ্টিপাত।
ঝড়ের বেগে উড়ে যায় শেডের ছাউনি। শ্রমিকদের ওপর দেয়ালে ভেঙে আটকা পড়ে অন্তত ৩০ জন শ্রমিক। কিছু শ্রমিক কোনোভাবে বেরোতে পারলেও আটকা পড়েন ১৯ জন।
সোমবার (২৭ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন সাজাপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ভয়াবহতার মধ্যেও মাথা ঠান্ডা রেখে একজন শ্রমিক কল দেন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স।
সেখান থেকে ১৯ শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সবাই শঙ্কামুক্ত হলেও পাঁচজনের জখম মারাত্মক।
আহতদের মধ্যে গোলাম রব্বানী, রোমান, শাহিন, জয়নাল, নবীর, আলমগীর, সাফিনূর, শাহ্ আলম, বাবু, মামুন, সাদেশ, রাকিব, রাকিবুল, শিপন, আতিকুল, আল আমিন, রাজ্জাক ও সাজুর পরিচয় জানা গেছে। এদের বেশিরভাগই গাইবান্ধার বাসিন্দা। আহতদের মধ্যে কারও পা-ও ভেঙে গেছে। আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ৯৯৯-এ কল পেয়েই ঘটনাস্থলে তারা সবাই দ্রুত ছুটে যান। আহত সব শ্রমিককে উদ্ধার করে শজিমেকে নেওয়া সম্ভব হয়। ১৯ জন শ্রমিককে তাৎক্ষণিক ভর্তি করা হয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আঘাত মারাত্মক হলেও সবাই শঙ্কামুক্ত। সময় মতো তাদের হাসপাতালে নিতে না পারলে অনেকের অবস্থা সংকটাপন্ন হতে পারতো।
খবর পেয়ে রাতেই শজিমেকে ছুটে যান জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা। তিনি সেখানে আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে ১১ মার্চ সাজাপুর এলাকায় প্রয়াস বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর থেকেই সেখানে নির্মাণ কাজ চলছিল। প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত এই বিদ্যালয় নির্মাণ প্রকল্পের ব্যয় নির্ধারণ রয়েছে ৩৮ কোটি ৯১ লাখ টাকা। ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয়টির নতুন এই ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান