নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল বেদ প্রকাশ নামে এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার(২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ওই সদস্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন ।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচলিবাড়ী থানার কারেঙ্গাতলী এলাকা।
বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এর সীমান্ত এলাকায় গরু পাচারকারীদেরকে ধাওয়া করতে থাকে ভারতীয় অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যরা। এ সময় ওই বিএসএফ সদস্য বেদ প্রকাশ বাংলাদেশের প্রায় ১০০ শ গজ ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটককৃত বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ বিজিবির হেফাজতে রাখা হয়।
বিএসএফ সদস্য আটকের ঘটনায় পতাকা বৈঠকে আহবান জানিয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়ন ও কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়েছে।
দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে ভারতীয় বিএসএফ জোয়ান গরু পাচারকারীকে ধাওয়া করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে শুনেছি। পরে আঙ্গরপোতা বিজিবির টহল দল বিএসএফ সদস্যকে আটক করে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ উর্দ্ধতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে আঙ্গরপোতা বিজিবি।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান