ডেস্ক: গতকাল শেষ হয়েছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ধানের শীষ, দাঁড়িপাল্লা, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে। নির্বাচনি প্রচার, জোট–সমীকরণ, কৌশল আর শেষ মুহূর্তের উত্তেজনা—সব মিলিয়ে ছিল জমজমাট লড়াই। তবে ভোট গণনা শেষে দেখা গেছে, জয়-পরাজয়ের হিসাবের পাশাপাশি বড় একটি সংখ্যা যুক্ত হয়েছে আরেক খাতে—জামানত বাজেয়াপ্তের তালিকায়।
জামানত কী?
নির্বাচনে অংশ নিতে হলে প্রতিটি প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে জমা দিতে হয়। এটি মূলত নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করার একটি বিধান। টাকা জমার প্রমাণ হিসেবে ট্রেজারি চালান, তপশিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হয়।
আইন অনুযায়ী, কোনো নির্বাচনি এলাকায় মোট প্রদত্ত ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। অর্থাৎ, ভোটারদের ন্যূনতম সমর্থন না পেলে অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকে না।
এবারের নির্বাচনে বহু আসনে ছিল বহুমুখী লড়াই। একই আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় ভোট ছড়িয়ে গেছে বিভিন্ন প্রতীকের মধ্যে। ফলে অনেকেই ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট অর্জন করতে পারেননি। কিছু আসনে এমন ঘটনাও ঘটেছে, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচিত প্রার্থী প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে পারেননি। ফলে জামানত ফেরত পাওয়ার সুযোগ হারিয়েছেন তারাও।
এবার যারা জামানত হারিয়েছেন
মাহমুদুর রহমান মান্না
এবারের নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। তিনি দলীয় কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৬। ফলে জামানত হারিয়েছেন।
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।
বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসাবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১.৪ শতাংশ।
মো. তারেক রহমান
ঢাকা-১২ আসন থেকে এবারের নির্বাচনে শেষ পর্যন্ত নিজের জামানত রক্ষা করতে পারেননি আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। নির্বাচনে তিনি প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট।
প্রাপ্ত ফল অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭.৪২ শতাংশ।
নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সে হিসাবে তারেক রহমান প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত টিকিয়ে রাখতে পারেননি।
এ আসনে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।
এদিকে, এই আসনে মোট বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। অর্থাৎ বাতিল হওয়া ভোটের চেয়েও কম ভোট পেয়েছেন আমজনতার তারেক।
সিলেটে যারা জামানত হারালেন
সিলেট-২ সংসদীয় আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় নির্বাচনি বিধি অনুযায়ী তিন প্রার্থী জামানত হারিয়েছেন।
সূত্র জানায়, আসনটির বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা মিলিয়ে মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় প্রদত্ত ভোট প্রায় ১ লাখ ৬১ হাজার ৮৩৭। বিধি মোতাবেক প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমির উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীকে ১ হাজার ৪০৪ ভোট এবং গণফোরাম প্রার্থী মুজিবুল হক উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ৬৩২ ভোট।
সংশ্লিষ্টদের মতে, মোট কাস্ট ভোটের তুলনায় তাদের প্রাপ্ত ভোট অনেক কম হওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়া নিশ্চিত।
চট্টগ্রাম-৮ আসনে জামানত হারালেন যারা
এবারের নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে একই সঙ্গে জামানত হারিয়েছেন তিন প্রার্থী।
তারা হলেন—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের ঘোষণা অনুযায়ী, এ আসনে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ মাত্র ২ হাজার ৯০৬ ভোট পেয়েছেন, যা মোট ভোটারের বিপরীতে শূন্য দশমিক ৫২ শতাংশ।
এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম পেয়েছেন ১ হাজার ১৮৮ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন ৮৭০ ভোট। নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
সুন্দরগঞ্জে জামানত হারালেন যে পাঁচ প্রার্থী
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন আট প্রার্থী। এর মধ্যে পাঁচজনই তাদের জামানত হারিয়েছেন। গতকাল এই আসনে ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী অধ্যাপক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৬৭৫ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কোনো প্রার্থী সর্বমোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তিনি জামানতের টাকা হারান। এ আসনে সর্বমোট ভোট পড়েছে ২ লাখ ৪৬ হাজার ৭০৪। প্রদত্ত ভোটের হার ৫৯.৩২ শতাংশ। সেই হিসাবে এক-অষ্টমাংশ ভোট হয় ৩০ হাজার ৮৩৮। এই সংখ্যক ভোট না পাওয়ায় পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত হারানো পাঁচ প্রার্থী হলেন: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-এর পরমানন্দ দাস (৩৯৬ ভোট), স্বতন্ত্র প্রার্থী মোছা. ছালমা আক্তার (৩৬৯ ভোট), আমজনতা দলের মো. কওছর আজম হাননু (১৭৪ ভোট), স্বতন্ত্র হিসেবে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মো. মোস্তফা মহসিন (২৭ হাজার ৪৩ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রমজান আলী (২ হাজার ৪৩ ভোট)।
নেত্রকোনায় জামানত হারালেন যারা
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে এবারের নির্বাচনে দুই নারী প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার।
জলি তালুকদার কাস্তে প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট। চম্পা রানী সরকার কোদাল প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট।
এই আসনে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট।
চাঁপাইনবাবগঞ্জে জামানত হারালেন যারা
এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জন জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন (২,২৬৩ ভোট), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (৫৫৭ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (১ হাজার ০৮৩ ভোট) এবং ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা (৪৪৬ ভোট) জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম (৬২৬ ভোট), জাতীয় পার্টির মু. খুরশিদ আলম (৮,১৭৫ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল (১,০৬৯ ভোট) জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ফজলুর ইসলাম খাঁন সুমন (৬৩৭ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম (৮২০ ভোট) এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (৩৬১ ভোট) জামানত হারিয়েছেন।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান