নিজস্ব সংবাদদাতা
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গুদামে অবৈধভাবে মজুত করা ৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় গুদামের মালিক দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিবেরডাঙ্গী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এফ.এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির এবং রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুসা মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবেরডাঙ্গী বাজার এলাকায় একটি গুদাম ভাড়া নিয়ে সোহেল রানা স্বপ্ন দীর্ঘ দিনধরে চালেল ব্যবসা করছেন। তার গুদামে সরকারি চাল রাখা হতো। স্থানীয় লোকজন বহুবার তার গুদামে সরকারি চাল আনানেওয়া করতে দেখেছেন। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে ওই গুদামে অবস্থান নেন। তারা গুদামের ভেতর বিপুল পরিমানে সরকারি চাল দেখতে পেয়ে উপজেলা প্রশাসন খবর দেন। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে সরকারি চাল জব্দ করে।
রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হান্নান শাহ্ বলেন ‘দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের গুদামে যেসব চাল জব্দ করা হয়েছে সবই ভিজিএফ চাল। তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের কাছ থেকে এসব চাল কমদানে কিনে গুদামে সংরক্ষণ করেন। অতিদরিদ্র মানুষ ভিজিএফ চাল থেকে বঞ্চিত হয়েছিল।’
রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ মাহমুদ বলেন,’ স্থানীয় লোকজন এর আগেও আমাদের কাছে অভিযোগ করেছিলেন। অবশেষে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে গুদামে গিয়ে সত্যতা পাওয়া যায়। আমরা তাৎক্ষনিক উপজেলা প্রশাসনকে অবহিত করি। এসব চাল ভিজিএফ চাল।’
তবে অভিযুক্ত গুদাম মালিক সোহেল রানা স্বপ্নের দাবি, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল। এছাড়া, কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করেছিলেন। ‘আমার গুদাম থেকে যেসব চাল জব্দ করা হয়েছে সেগুলো ভিজিএফ চাল নয়। আমি কোন মেম্বার=চেয়ারম্যানের কাছ থেকে চাল ক্রয় করিনি। শত্রুতাবশত আমাকে ফাঁসানো হয়েছে,’ তিনি বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান জানান,’ গুদামে অবৈধভাবে সরকারি চাল মজুত করায় সোহলে রানা স্বপ্নের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৭১ বস্তা সরকারি চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত মনে হচ্ছে এসব চাল ভিজিএফ চাল। তবে তদন্ত করা হচ্ছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান