নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি ও টিভি রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ সরকারি অর্থায়নে নিজের কার্যালয়টি সুসজ্জিত করেছিলেন। সেখানে স্যামসাং ব্র্যান্ডের দুটি এসি, একটি বড় টিভি ও দামি আসবাবপত্র ছিল। গত ৫ আগস্টের পর থেকে কক্ষটি তালাবদ্ধ ছিল। সম্প্রতি সংসদ সদস্যদের বসার জন্য কক্ষ বরাদ্দ দেওয়ার সরকারি নির্দেশনা এলে কক্ষটি খোলার সময় দেখা যায়, এসি ও টিভি সেখানে নেই।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী দাবি করেন, দুটি এসির একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় এবং অন্যটি তাঁর অফিসে লাগানো হয়েছে। তবে এটি বর্তমান ইউএনও যোগদানের আগে না পরে হয়েছে—এ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান-কে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আগে থেকেই আলোচনা চলছিল। গত বুধবার চাপারহাট এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা ‘নদী চন্দ্র রায়’ নামে এক গ্যারেজ মেকানিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্ডের ছবির সঙ্গে মিল না পাওয়ায় তিনি ওই যুবককে প্রকাশ্যে থাপ্পড় মারেন।
এর আগের দিন তাঁকে হাতে লাঠি নিয়ে তুষভাণ্ডার এলাকায় তেল সরবরাহ তদারকি করতে দেখা যায়। এছাড়া ‘আপু’ সম্বোধনে ক্ষুব্ধ হওয়া এবং সংবাদকর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এরও আগে, তার বিরুদ্ধে সাবেক কর্মস্থল জয়পুরহাটের কালাই উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর একটি প্রকল্পে ৫৫টি ভুয়া শিক্ষাকেন্দ্র দেখিয়ে প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি মামলা দায়ের হয় বলে জানা গেছে। এতে ভুয়া ভাউচারে স্বাক্ষরের মাধ্যমে সরকারি অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইউএনও শামিমা আক্তার জাহানকে তার সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অন্যদিকে, মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক (ডিসি) বলেন, “এসি গায়েব হওয়ার বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। অফিসিয়ালভাবে কেউ আমাকে জানায়নি। অফিসের এসি বাসায় লাগানোর বিষয়টি সঠিক হওয়ার কথা নয়।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান