নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়। বুধবার (০৬ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর কিলন ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশ, র্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান