
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে তিন থেকে চারটি ছুড়া গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি। এতে তিনজন বাংলাদেশি আহত হওয়ার কথা শোনা গেলেও বিস্তারিত জানা সম্ভব হয়নি। তাঁরা গোপনে রংপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এলাকাবাসী সুত্রে জানা যায়।
এরআগে গত ৫ নভেম্বর ভোরে একই ইউনিয়নের সীমান্তে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ। ৫ দিনের মাথায় আবারও গুলি ছোড়ায় ওই এলাকার সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি। বিএসএফ পতাকা বৈঠকে বসতে সম্মত হয়নি। পরবর্তীতে সময় জানাবে বলে জানিয়েছে বিএসএফ।
স্থানীয় সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানার সীমান্ত সংলগ্ন গ্রাম ভেল্কু পকেটপাড়া। বাংলাদেশ- ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৪ নম্বরের উপপিলার ৩-এর সীমান্ত এলাকার শূন্যরোখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা সোমবার সকাল ৬ টার দিকে তিন থেকে চারটি ছররা গুলি ছোড়ে। ভোর সকালে গুলির শব্দ হওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে বাংলাদেশি গরু পারাপারকারী তিনজন আহতের কথা উঠলেও বিজিবি এ কথা অস্বীকার করেছে।
সীমান্তে আহতরা বরাবরই অতি গোপনে চিকিৎসা নেওয়ায় তাঁদের ব্যাপারে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনোকিছু জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক শ্রীরামপুর ইউনিয়নের এক ব্যক্তি বলেন, নামাজ পড়ে ফেরার পথে দেখি মোটরসাইকেলে করে গুলিতে আহত ব্যক্তিদের নিয়ে যাচ্ছে।,
ঘটনা জানার পরপরই রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের ও শমসেরনগর কোম্পানি সদরের সদস্যরা ঘটনাস্থলে যায়। বেলা ১২ টায় ঘটনার বিস্তারিত জানতে বিএসএফের রতনপুর ক্যাম্পের কমান্ডারকে পতাকা বৈঠকের আহবান জানায় বিজিবি। জবাবে বিএসএফ পরবর্তীতে সময় বলবেন বলে জানায়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, ‘গুলি ছুড়েছে এ ঘটনা জানার পরপরই সীমান্তে যাওয়া হয়। পতাকা বৈঠকের আহবআ জানানো হয়েছিল। বিএসএফ পরবর্তীতে সময় দিবে বলে জানিয়েছে।’
বাংলার খবর ডেস্ক : 

















