
ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগে বাংলাদেশ পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এসময় পুলিশের পোশাক পরিবর্তন থেকে সংস্কারের দাবিও তোলা হয়। নাগরিকদের দাবির মুখে একপর্যায়ে পুলিশের নতুন পোশাক অনুমোদন করে অন্তর্বর্তী সরকার।
শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে। তবে এখনই সর্বস্তরে বা সবার কাছে নয়, সদস্যদের মধ্যে সীমিত পরিসরে এ পোশাক সরবরাহ করা হচ্ছে। রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন রঙের পোশাক পরবেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু করা হয়েছে। সবাইকে এখনই দেওয়া সম্ভব না, ধাপে ধাপে সব সদস্যদের এ পোশাক দেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত মঙ্গলবার বলেছেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। তবে পোশাকের সঙ্গে সবারই মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর জন্য আলাদা পোশাক তৈরি করা হবে। সবগুলোই সিলেক্ট করা হয়েছে। তবে ইমপ্লিমেন্ট একসঙ্গে হবে না। হবে আস্তে আস্তে।
তিন বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য ব্যয় হবে ৬ থেকে ৭ কোটি টাকা। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, নিজেদের কার্যকলাপ পরিবর্তন না করলে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না। শুধু সরকারের অর্থ ব্যয় হবে।
বাংলার খবর ডেস্ক : 


















