কুমিল্লা: কুমিল্লার বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক পদে মোঃ মোকছেদুর রহমান আবির এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফজলুল বারী বিল্লাল নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে (৫০২) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত বাঙ্গরা বাজার থানা এলাকার সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা পেশার ভোটাররা আনন্দঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ২৯৯ জন ভোটারের মধ্যে ২৫৩ জন সদস্য ভোট প্রদান করেন, যা মোট ভোটের প্রায় ৮৫ শতাংশ।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবু বকর সিদ্দিক। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ আব্দুল মোমেন ২৪৯ ভোট পেয়ে বিজয়ী হন; তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ দুলাল মিয়া পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ মোকছেদুর রহমান আবির ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী এম আই জামাল সিদ্দিকী পেয়েছেন ২৩ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফজলুল বারী বিল্লাল ২১৬ ভোট পেয়ে জয়লাভ করেন; তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাইফুল হুদা সরকার সোহাগ পান ৩৬ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরাজিত সভাপতি প্রার্থী মোঃ দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী এম আই জামাল সিদ্দিকী নতুন ভোটার অন্তর্ভুক্তিসহ বিভিন্ন অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নির্বাচনের আগেই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অপরদিকে, সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইফুল হুদা সরকার সোহাগের চাচাতো ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তিনি ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হতে পারেননি।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবু বকর সিদ্দিক জানান, নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনায় অন্য চারজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নজির আহমদ ভুঁইয়া কাজল, এ এইচ এম জহিরুল হক, জহিরুল ইসলাম এবং কামরুল হাসান কেনান।
উল্লেখ্য, ঢাকায় বসবাসরত বাঙ্গরা বাজার থানার অন্তর্গত ১০টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালে এই সমিতি গঠিত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান