
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের শতবর্ষী তমিজন বেওয়ার (১০৫) জীবনের শেষ ভরসা ছিল স্বামীর রেখে যাওয়া ছোট্ট ভিটায় থাকা দুই–চালা টিনের ঘরটি। দুই যুগ আগে স্বামী মারা গেলেও তাঁর স্মৃতিবিজড়িত এই ঘর ছেড়ে কোথাও যেতে চাননি তমিজন। বয়সের ভারে নুয়ে পড়লেও স্বামীর স্মৃতি আঁকড়ে তিনি দিন কাটিয়ে দিয়েছেন এই ঘরটিতেই। সাত সন্তানের মধ্যে একমাত্র ছেলে সাইদুর রহমান বাড়ির পাশে একটি ছোট চায়ের দোকান চালিয়ে কোনোমতে সংসার পরিচালনা করেন।আর ছয় কন্যাই এখন বয়োবৃদ্ধ।
সাম্প্রতিক ঝড়ে ভেঙে যায় তমিজনের সেই প্রিয় ঘর। ঘরটি বিধ্বস্ত হওয়ার পর ছেলে সাইদুর চাইলেও মাকে নিজের ঘরে নিতে পারেননি। তমিজন তখনই জানিয়ে দেন স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না । মৃত্যুর আগ পর্যন্ত এখানেই থাকবেন তিনি।
পরবর্তীতে এলাকাবাসী উদ্যোগ নিয়ে ভিটার পাশে একটি ঝুপড়ি ঘর তুলে দেন তাঁর থাকার জন্য। মাসের পর মাস সেই ঝুপড়িতেই কাটে তাঁর দিন। স্বামীর ভাঙা ঘরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেন প্রতিদিন। শীতের রাতে সেই অস্থায়ী ঘরে থাকা আরও কষ্টকর হয়ে ওঠে তাঁর জন্য।
স্থানীয়দের ভাষ্য, এ বয়সেও তমিজন বেওয়া স্বামীর স্মৃতির টানে ভিটা ছাড়তে চান না। ঝুপড়ি ঘরে তাঁর দিন কাটানো দেখাটা আমাদের চোখে কষ্টের ছিল।
এই মানবিক সংকটের কথা স্থানীয় ছাত্রদলনেতাদের নজরে এলে তারা এগিয়ে আসেন সহায়তার হাত বাড়িয়ে দিতে। নিজেদের অর্থায়নে তমিজনের স্বামীর ভিটায় নতুন করে একটি টিনের ঘর নির্মাণ করে দেন তারা। বিষয়টি এলাকায় প্রশংসিত হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “তমিজন বেওয়ার ছেলে অত্যন্ত দরিদ্র। মায়ের জন্য নতুন ঘর করে দেওয়ার সামর্থ্য ছিল না তার। বিষয়টি জানার পর আমরা মানবিক দায়িত্ববোধ থেকেই নিজ খরচে ঘর নির্মাণ করেছি।
স্থানীয় বিএনপির নেতারা ছাত্রদলের এই মানবিক কাজের প্রশংসা করেছেন এবং এ ধরনের কাজ তাদের চালিয়ে যেতে উৎসাহ প্রদান করেছেন।
নতুন টিনের ঘরে উঠতে পেরে এখন নিরাপদে আছেন শতবর্ষী তমিজন বেওয়া। এলাকাবাসীর ভাষ্য এ উদ্যোগ কেবল একটি ঘর নির্মাণ নয়, মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।
বাংলার খবর ডেস্ক : 




















