
নিজস্ব সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা গ্রামে দীর্ঘদিনের জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমির দখল ও মালিকানা নিয়ে উত্তেজনা চরমে উঠলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ধনী গাগলা এলাকার আলতাফ হোসেন এবং মানিক মুন্সির ছেলে এরশাদ আলীর মধ্যে ওই ১৬ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই পক্ষই জমিটি নিজেদের দাবি করে আসছিলেন। জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে রোববার সকালে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলায় ঘটনাস্থলেই নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২) এবং মানিক মুন্সির বোন কুলছুম বেগম (৫৫)। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া (৩২)। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সংঘর্ষে তিনজনের মৃত্যুতে পুরো গ্রামজুড়ে থমথমে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম বলেন, সংগর্ষে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র ব্যবহার করেন। তারা সকলেই মারমুখি আচরণে ছিলেন। এলাকাবাসী ভয়ে সংঘর্ষ থামাতে এগিয়ে যেতে পারেননি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষের মধ্যে ফের সহিংসতার আশঙ্কা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
সংঘর্ষে আহত অন্তত ৯ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বভাগের চিকিৎসক ডা: নূর ইসলাম। অন্য আহতদের অনেকের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত রয়েছে বলে তিনি জানান। ‘গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে,’ তিনি বলেন।
নাগেশ্বরী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, “জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করেছে।। আহত;দের চিকিৎসার খোঁজ রাখা হচ্ছে।’
তিনি আরও বলেন, এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে তবে এখনো কাউকে আটক করা হয়নি। এখন কোন মামলা হয়নি।
মো:রশিদুল ইসলাম 


















