নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বিএসএফ সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র ও ওয়াকিটকিগুলো বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
পরে মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান