নিজস্ব সংবাদদাতা
আন্তঃসীমান্ত অপরাধ দমন, পুশইন ঠেকানো এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিজিবির আহ্বানে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্তের শূন্যরেখায় ক্যাম্প কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ডাঙ্গাটারী ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ভারতের পক্ষে ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর অমৃতা প্রীতমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮০১-এর ৭ নম্বর উপপিলারের এক পাশে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা থানার ঝোংপাড়া সীমান্ত এবং অপর পাশে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্ত।
বৈঠকে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইনসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর আহ্বান জানায় বিজিবি। সীমান্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে গুলি না চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়।
এ সময় সীমান্তে নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ এবং প্রাণহানি রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আশ্বাস দেয় বিএসএফ। আন্তঃসীমান্ত অপরাধ দমনে উভয় পক্ষ একমত পোষণ করে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান বলেন, “সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে উভয় বাহিনীর মধ্যে প্রায়ই পতাকা বৈঠক হয়ে থাকে। আমরা তাদের মনে করিয়ে দিই, সীমান্ত হত্যা যাতে না হয় এবং পুশইন যাতে না ঘটে। সীমান্তে কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়েও আলোচনা করা হয়।”
বৈঠকের মাধ্যমে সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি-বিএসএফের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান