নিজস্ব সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশসম্মত, টেকসই ও আধুনিক স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে আয়োজিত সভায় স্থানীয় বাসিন্দাদের মতামত ও বিভিন্ন উদ্বেগের কথা শোনা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে এ জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (অ্যাকসেস)-বাংলাদেশ ফেজ-১ প্রকল্পের (বিএলপিএ কম্পোনেন্ট) আওতায় বুড়িমারী স্থলবন্দরে নির্মাণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ফলে সম্ভাব্য পরিবেশগত প্রভাব, ঝুঁকি ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করে স্থানীয়দের মতামত নেওয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সিদ্দিকুর রহমান।
এ সময় বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি চিহ্নিত করা এবং নেতিবাচক প্রভাব কমানোর লক্ষ্যে স্থানীয় জনগণের মতামত নেওয়া হচ্ছে।
সভায় স্থানীয় বাসিন্দারা জমি অধিগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। পাশাপাশি স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সীমান্ত এলাকার সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।
এ সময় প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা।
সভায় বক্তারা বলেন, পরিবেশগত প্রভাব ও জনসম্পৃক্ত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নিয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়িত হলে বুড়িমারী স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক কার্যক্রমের গতি বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান