
নিজস্ব প্রতিবেদক
মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, লালমনিরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার আহ্বান জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফাইনাল খেলায় নবাবেরহাট আদর্শ ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বড়বাড়ি বসুন্ধরা ক্রীড়া চক্র। মন্ত্রী বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে, যারা ভবিষ্যতে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বয়সভিত্তিক এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের ভালো ফুটবলার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড়বাড়ি বসুন্ধরা ক্রীড়া চক্রের প্রতিভাবান গোলরক্ষককে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ করে দেওয়া এবং তার দায়িত্ব সরকার নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 















