বাংলার খবর২৪.কম
, ঢাকা : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনগড়া প্রতিবেদন দিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নকে ম্লান করতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিআইবি’র প্রতিবেদন পড়ে কেউ খুঁজে পাবে না কে কাকে ঘুষ দিয়েছে। সুনির্দিষ্ট কোনো তথ্য এতে নেই। বলতে হবে, কোথায় কাকে কত টাকা ঘুষ দিয়েছে। না হলে বুঝতে হবে এই প্রতিবেদনটি ভিত্তিহীন। আমি দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। যার বিরুদ্ধেই দুর্নীতি প্রমাণ হয়েছে তাকেই শাস্তি দেয়া হয়েছে। তাই আমি চাই আমার কাছে দুর্নীতির সুনির্দিষ্ট দৃষ্টান্ত তুলে ধরেন। দুর্নীতির সাথে জড়িতদের আমি শাস্তি দিতে চাই।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের অর্জনকে উদাহরণ হিসাবে দেখা হয়। বাংলাদেশে এই প্রথম এক সঙ্গে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।
মেডিকেল কলেজে ভর্তিতে নীতিমালা ভঙ্গ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মোহাম্মসদ নাসিম বলেন, এ বারের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ পায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ অনুযায়ী আমি বলে দিয়েছি ৪০ নম্বর পেতেই হবে এবং ১২০ ছাড়া ভর্তি হওয়া যাবে না।
‘পরিপ্রেক্ষিত’ এর আয়োজন করা বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. দীন মো. নূরুল হক, জাতীয় অধ্যাপক এম আর খান, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও ‘পরিপ্রেক্ষিত’এর প্রধান সৈয়দ বোরহান কবির প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান