বাংলার খবর২৪.কম
, ঢাকা : সাভারের শিল্পনগরীতে চামড়া শিল্প সংশ্লিষ্ঠ সকলকে স্থানান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন চামড়া শিল্প সংশ্লিষ্ঠ সংগঠন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
বুধবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এ দাবি জানান।
তারা বলেন; দক্ষ শ্রমিক, বাণিজ্যিক চামড়া রপ্তানিকারক, কেমিক্যাল ব্যবসায়ী ও লেদার টেকনোলজিস্টসহ চামড়া শিল্প সংশিষ্ঠ অন্যরা সাভারে স্থানান্তরিত না হলে দেশের চামড়া রপ্তানি শতকরা ৪০ ভাগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তারা অভিযোগ করে বলেন, সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি মালিকদের প্লট বরাদ্দ দেয়া হলেও চামড়া শিল্পের সঙ্গে জড়িত অন্যদের কোনো প্লট দেয়া হয়নি। এর ফলে ট্যানারি স্থানান্তরে মূল লক্ষ্য ব্যহত হতে পারে।
শিল্পমন্ত্রী তাদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করে বলেন, এ মুহুর্তে হাজারীবাগের ট্যানারি স্থানান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার। পরবর্তীতে চামড়া শিল্প সংশ্লিষ্ট অন্যদের জন্য জায়গা বরাদ্দের উদ্যোগ নেয়া হবে। তিনি ট্যানারি স্থানান্তরে সকলের সহায়তা কামনা করেন।
তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর না করলে সাভারের প্লট বাতিলের পাশাপাশি হাজারীবাগের সকল ট্যানারি বন্ধ করে দেয়া হবে। জাতীয় স্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। তিনি চামড়া শিল্প সংশ্লিষ্ঠ সকলের স্থানান্তরের জন্য জমি বরাদ্দের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নিতে বিসিককে নির্দেশনা দেয়া হবে বলে সমন্বয় কমিটির নেতৃবৃন্দদের আশ্বাস দেন।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন; ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. লুৎফর রহমান তরফদার, চামড়া শিল্প সংশ্লিষ্ঠ সংগঠন সমন্বয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মো. সুজাউল কমির নিপুসহ বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটি, লেদার কেমিক্যাল ব্যবাসায়ী সমিতি, কেমিক্যাল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কমার্সিয়াল লেদার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান