
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে সোহেল ওরফে নাটাই সোহেল নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক ছিনতাইকারী। রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস ছিনতাইকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাটাই সোহেল কয়েকটি মামলার পলাতক আসামী। তার পরিবার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এর আগে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর পাল জানান, রবিবার রাত ১২টায় যাত্রাবাড়ির কুতুবখালী শনটেক এলাকায় চিহ্নিত ছিনতাইকারী নাটাই সোহেল (২২) এবং সজিব হোসেনসহ (২৫) কয়েকজন ছিনতাই করার প্রস্তুতি নেয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তখন পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে দুই ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি তাজা ককটেল উদ্ধার করে বলেও জানান তিনি।
বাংলার খবর ডেস্ক : 










