
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় ডিশ ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৭ জন। আহতরা হলেন- আলী হোসেন (৩৫), আমজাদ হোসেন (৩০), আলী আকবর (৩২), আরিফ ২৫), পলাশ (৩০), রাকিব (২৫) ও সাহেদ (২০)।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে আলী হোসেন ও সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকিদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা এবং আহতরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বরুদা ও আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবত আলী হোসেন ডিশ ব্যবসা করে আসছেন। বরুদা উত্তরপাড়ার অংশের ডিশ ব্যবসা নিয়ে সম্প্রতি ছাত্রলীগ নেতা মাসুমের সঙ্গে দ্বন্দ্ব বাধে। এর জেরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে মারামারি ও পরে দা, ছেনি নিয়ে কোপাকুপি হয়। ধারালো অস্ত্রের আঘাতে আলী হোসেন পক্ষের আলী হোসেন, আমজাদ ও আলী আকবর ও আরিফ হোসেন এবং মাসুম পক্ষের পলাশ, রাকিব ও শাহেদ জখম হন।
জয়দেবপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম জানান, ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় আলী হোসেন ও ছাত্রলীগ নেতা মাসুমের লোকজনের সংঘর্ষ হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 










