
বাংলার খবর২৪.কম
: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে আমার ওপর অনেক আঘাত এসেছে। কিন্তু আমি তা নিয়ে চিন্তিত নই। পথ চলতে গেলে আঘাত-প্রতিঘাত আসবেই; পথ চলতে গেলে বাধা আসবেই। পথ চলতে গিয়ে যে বাধাই আসুক তা মোকাবিলা করে আমি সামনের দিকে এগিয়ে যাবো। আমি অন্য কারো কাছে মাথা নত করিনা; শুধু মাথা নত করি আল্লাহর দরবারে।
আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেগম ফজিলাতুন্নেছা বাপ্পীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ মাটিতে আমার পিতা-মাতা, তিন ভাইসহ আমার গোটা পরিবারকে হত্যা করা হয়েছে। পাঁচবার আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আমি সব হারিয়েছি। আমার লক্ষ্য একটাই বাঙালি জাতি বিশ্ব দরবারে সম্মান পাবে; ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠিত হবে। বিশ্ব দরবারে মাথা উচু করে চলবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের দুভার্গ্য হলো বারবার তাদের ওপর আঘাত এসেছিল। কিন্তু এ জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। আমরা সব সময় চেষ্টা করেছি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার। সংবিধানকে সমুন্নত করার। ভবিষ্যতেও সে চেষ্টা অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 














