
আমেরিকার নতুন কোনো নিষেধাজ্ঞা এলেও চিন্তিত নয় ঢাকা। একাত্তর টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, যারা দেশ থেকে টাকা পাচার করেছে, তারাই আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে ভয় পায়। র্যাব বা পুলিশের প্রশিক্ষণে যদি কোনো ভুল থাকে তার দায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেও নিতে হবে।
বাংলাদেশে র্যাবের কার্যক্রম প্রশ্নবিদ্ধ করে ২০২১ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের হোম ল্যান্ড সিকিউরিটিজ। র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ প্রতিষ্ঠান হিসেবে র্যাবও এর আওতায়। নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এমন আলোচনা চলছে এখনো। তবে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বাংলাদেশ তার নিজ পথেই চলবে। যুক্তরাষ্ট্রের ভয়ে ভীত নয় বাংলাদেশ।
পশ্চিমা পরামর্শ অনুযায়ী, এরইমধ্যে নানা পরিবর্তন এনেছে বাংলাদেশ। কাজেই, নিরাপত্তা বাহিনীর ভুলের দায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেও নিতে হবে বলে মন্তব্য করেন আব্দুল মোমেন।
মানবাধিকার ও কূটনৈতিক নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক মার্কিন উদ্বেগ প্রসঙ্গেও ক্ষোভ জানান মন্ত্রী। বলেন, পশ্চিমা দেশগুলো একেক দেশের জন্য একেক নীতি তৈরি করেছে যা দুঃখজনক।
একটি দেশের উন্নয়নে, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য হলেও অনেকেরই তা পছন্দ নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলার খবর ডেস্ক : 













