
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে ইয়াকুব (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৯ মে) দুপুরে উপজেলা কুচলিবাড়ি ইউনিয়ন পদরটারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী ৫ নং ওয়ার্ড কুচলিবাড়ি এলাকায় মহসিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইয়াকুবসহ তার সহপাঠীরা । একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াকুব স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
মো:রশিদুল ইসলাম 










