
ঢাকা : যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে নিখোঁজের সাত দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা গ্রামের ফিরোজ খানের ছেলে ব্যবসায়ী আরিফ খান (৩০)।
শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ীর শনির আখড়ায় বিসমিল্লাহ পোল্ট্রি নেট ইন্ডাস্ট্রিজ নামে তার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) অবনী শঙ্কর কর।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরিফ খান জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে অপহরণ করা হতে পারে।
তিনি জানান, যাত্রাবাড়ী কলাপট্টি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর তাকে অপহরণ করা হয়। এই কয়দিন তাকে কোথায় রাখা হয়েছিল সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
আরিফ খানের ছোট ভাই রকিব খান জানান, ৮০ হাজার টাকা নিয়ে গত ২০ আগস্ট তার ভাই বাসা থেকে বের হন। এর পর থেকে নিখোঁজ ছিলেন। ভোর ৬টার দিক স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন শহীদুল ইসলাম তার ভাইকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
ওসি অবনী শঙ্কর কর জানান, এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার খবর ডেস্ক : 










