
নিজস্ব সংবাদদাতা
পাটগ্রামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট চলাকালীন সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে রফিকুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৭ মার্চ ) রাত ২ টায় ৪০ মিনিটে উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় ঘটনা ঘটে।। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারা লঙ্ঘন করে সরকারি কাজে বাধা দেন দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো: রফিকুল ইসলাম। এছাড়া তিনি একজন গ্রাম পুলিশ সদস্য বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সিন্ডিকেটে জড়িত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও তিনি সরকারি কাজে বাধা প্রদান করেন। মোবাইল কোর্টের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
দণ্ডাদেশ পাওয়ার পর আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 

















