
নওগাঁ : এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মহাদেবপুর শিবরামপুর মোড়ে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে রনি আকতার (১৮) নামে এক পরীক্ষার্থী মারা গেছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রনির বাবার নাম সাইফুল ইসলাম। মহাদেবপুর উপজেলার বামনসাতা গ্রামে তাদের বাড়ি। নিহত রনি উপজেলার বামনসাতা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে পরীক্ষা শেষে রনি অন্যান্য সহপাঠীদের সঙ্গে একটি অটোরিকশা যোগে মহাদেবপুর থেকে বাড়ি ফিরছিলো। পথে শিবরামপুর মোড়ে পৌঁছার পর অটোরিকশার পেছনের চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে সে রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে তাকে দ্রুত উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 













