
প্রতিপাদ্য: “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আজ ২৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ, মঙ্গলবার, সকাল ১০:৩০ ঘটিকায় বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ইনকামিং রোড, ধোলাইপাড় এলাকায় রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে সড়কে চলাচলকারী চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ এবং প্লেকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সড়ক নিরাপত্তাবিষয়ক স্টিকার সংযোজন করা হয়।
এ সময় পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহার, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট পরিধান, যানবাহনে সিটবেল্ট ব্যবহার এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও অতিরিক্ত গতি, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং চালকের ক্লান্ত অবস্থায় যানবাহন পরিচালনার ঝুঁকি ও ক্ষতিকর দিক তুলে ধরা হয়।
উক্ত রোড শো ও সচেতনতামূলক কার্যক্রমে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
আসুন, নিরাপদ সড়ক গড়তে সচেতন হই, আইন মেনে চলি এবং দুর্ঘটনামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলে একযোগে কাজ করি।
বাংলার খবর ডেস্ক : 



















