
নিজস্ব সংবাদদাতা :
লালমনিরহাটের পাটগ্রাম থেকে দিনাজপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় ছয় শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। প্রায় চার ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সচল করে গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়।
রোববার (৮ নভেম্বর) বুড়িমারী-পাটগ্রাম রেললাইনের ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। প্রায় ১০ মিনিট চলার পর ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় লোকোমোটিভ মাস্টার (চালক), ট্রেনের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘ সময় চেষ্টা করেও ইঞ্জিনটি সচল করতে পারেননি। পরে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রেনটিকে টেনে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে নিয়ে যায়।
ট্রেনের যাত্রী বিপ্লব হোসেন বলেন, ‘রোগীকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাচ্ছি। পথে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। রোগী নিয়ে সমস্যায় পড়েছি। এখন অটোরিকশা বা ইজিবাইকে করে ভেঙে ভেঙে রংপুর যেতে হবে।’
ট্রেনের পরিচালক মতিউর রহমান বলেন, ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
লোকোমোটিভ মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘চলন্ত ট্রেনের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও চালু করা সম্ভব হয়নি। পরে সচল ইঞ্জিন এনে ট্রেনটি টেনে পাটগ্রামে নেওয়া হয়েছে। রেল যোগাযোগ এখন স্বাভাবিক রয়েছে।’
পাটগ্রাম ও বুড়িমারী রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম বলেন, ‘লালমনিরহাট থেকে সচল একটি ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি পাটগ্রামে আনা হয়েছে। বুড়িমারী কমিউটার ট্রেনটি প্রায় চার ঘণ্টা বিলম্বের পর বেলা ৩টা ২০ মিনিটের দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।’
মো:রশিদুল ইসলাম 












