
নিজস্ব সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের প্রধান সড়ক থেকে অলিগলি,সবখানেই বেড়েছে অটোরিকশার দাপট। এর সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে বসানো হয়েছে অসংখ্য অস্থায়ী দোকান। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। অনেক সময় পথচারীদের হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ নগরবাসী চরম ভোগান্তিতে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে ফলমূল, স্যান্ডেল, মশারি, সবজি, কাপড়, চিড়া-মুড়ি, শাড়ি ও খেলনাসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসানো হয়েছে। এসব দোকানের সামনে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। অন্যদিকে সড়কের বিভিন্ন স্থানে রিকশা, ভ্যান, ভটভটি, নসিমন, করিমন, ইজিবাইক, মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক ও টেম্পো দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
শহরের পূর্ব চৌরঙ্গী মোড় থেকে পশ্চিম চৌরঙ্গী মোড় পর্যন্ত এলাকায় ভাসমান দোকান ও যানজটের প্রকোপ বেশি। এ ছাড়া তেঁতুলতলা থেকে পৌরসভা সড়ক, পশ্চিম চৌরঙ্গী মোড় থেকে বাইপাস সড়ক, রেলগেট, রেলস্টেশন, পুরাতন কাঁচাবাজার, পুরাতন বাসস্ট্যান্ড এবং ভূমি অফিসের পশ্চিম পাশের থানা রোডেও অটোরিকশার দাপট দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে চালকেরা যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করান। একদিকে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল, অন্যদিকে ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং ক্রেতাদের ভিড়ে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে।
বিশেষ করে সাপ্তাহিক হাটবার রোববার ও বৃহস্পতিবার উপজেলার আটটি ইউনিয়ন থেকে হাজারো মানুষ কেনাকাটা ও প্রয়োজনীয় কাজে শহরে আসেন। এতে বাজার ও প্রধান সড়কে মানুষ ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। ফলে যানজটের তীব্রতা আরও বাড়ে।
সড়কের কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক হকার জানান, স্থায়ী দোকান নেওয়ার জন্য মোটা অঙ্কের অগ্রিম টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। তাই বাধ্য হয়ে স্থায়ী দোকানমালিকদের দোকানের সামনে ১০ থেকে ১২ ফুট জায়গায় অস্থায়ী দোকান বসান তাঁরা। এ জন্য দোকানমালিকদের দুই থেকে তিন লাখ টাকা অগ্রিম দেওয়ার পাশাপাশি মাসে এক থেকে তিন হাজার টাকা ভাড়া দিতে হয়। তাঁদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে।
পৌর শহরের বাসিন্দা ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ‘ফুটপাত তো দখল হয়েছেই। রাস্তায় এত বেশি অটোরিকশা যে চলাচল করার উপায় নেই। আমরা খুব সমস্যায় আছি। কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।’
শিক্ষার্থী লিয়ামুন ইসলাম বলেন, ‘শহরের সড়ক দিয়ে অনেক শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। বেপরোয়া অটোরিকশা ও যানজটের কারণে হেঁটে চলাচল করাও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এত বেশি রিকশা দেশের আর কোথাও আছে কি না সন্দেহ! ফুটপাতগুলো দ্রুত দখলমুক্ত করা দরকার।’
যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। মাইকে প্রচার চালিয়ে অটোরিকশাগুলোকে নির্দিষ্ট স্ট্যান্ড থেকে যাত্রী পরিবহনের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে এরপরও চালকদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ফলে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিজ্ ফারজানা আখতার বলেন, ‘এই শহরের ফুটপাত দখল ও যানজট দীর্ঘদিনের একটি সংকট। জনসাধারণের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এটি সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
মো:রশিদুল ইসলাম 















