
রূপগঞ্জে মো: আইয়ুব আলী (৪০) নামের এক চালককে ছিনতাইকারি সন্দেহে গণধোলাই দেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার দিঘি বিরাব এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দিঘি বারাব এলাকার রাস্তার মেরামত কাজ চলছে। তাই সেই রাস্তা দিয়ে কোন যান চলাচল করতে পারেনা। কিন্তু বৃহস্পতিবার সকালে একটি হলুদ পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো গ-১১-৫৩৫৩) সেই রাস্তায় এসে থেমে যায়। ফলে কয়েকজন এলাকাবাসী গাড়ীর সামনে এগিয়ে আসতে দেখে পিকআপ ভ্যানে থাকা অজ্ঞাত ৩ ব্যাক্তি চালককে রেখে পালিয়ে যায়। ফলে এলাকাবাসী বুঝতে পারে যে তারা কোন অসৎ উদ্দেশ্যে এই এলাকায় এসেছে। পরে এলাকাবাসী গাড়ীটি আটক করে এবং গাড়ী থেকে একটি হাতকড়া উদ্ধার করে। ফলে এলাকাবাসী ধারনা করেন তারা ভুয়া প্রশাসনের পরিচয়ে অপরাধ মূলক কাজ করে থাকেন। পরে তারা চালককে জিজ্ঞাসা করার জন্য গণধোলাই দেয়। গণধোলাইয়ের পর চালক মো: আইয়ুব আলী তাদের জানায়, যাত্রাবাড়ী কাজলার পাড় পিকআপ স্ট্যান্ড থেকে ৩ ব্যাক্তি রূপগঞ্জ থেকে মাল আনার জন্য তার গাড়ীটি ভাড়া করে আনেন। তাই চালক এই রাস্তা দিয়ে এসেছে। যারা মাল আনার জন্য গাড়ীটি ভাড়া করে আনে তাদের চেনেনা বলে জানায় চালক আইয়ুব আলী।
পরে এলাকাবাসী রূপগঞ্জ থানায় বিষয়টি জানালে এসআই মিজান ঘটনাস্থলে পৌছে চালক, পিকআপ ভ্যান ও হাতকড়াটি উদ্ধার করেন। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলার খবর ডেস্ক : 















