
ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চারদিন পর গ্রামের পাশের বিলে মিললো চার বছরের শিশু আনাছের মরদেহ। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের বাংগালপাড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এই ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
নিহত শিশু আনাছ খান (৪) চিনাশুখানিয়া গ্রামের আল আমিন খানের ছেলে। গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিল সে। শিশুটির দাদা হাছেন আলী খান ওইদিন শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আটক দম্পতি হলেন— একই গ্রামের নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী শাহীনুর আক্তার। তারা স্থানীয় খোরশেদের বাড়িতে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন এবং বাড়িটির দেখভালের দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে আনাছ বাড়ির পাশের নজরুলের বাড়িতে খেলতে যায়। এরপর আর ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে প্রতিবেশী সাজুর বাড়ির সামনে আনাছের খেলনা সাইকেলটি দেখতে পায়। সাজুকে জিজ্ঞাসা করলে সে জানায়, নজরুলের স্ত্রী শাহীনুর সাইকেলটি সেখানে রেখে গেছেন। এরপরও আনাছের কোনো সন্ধান না পেয়ে পরিবার থানায় জিডি করে।
এরপর থেকেই রহস্য ঘনীভূত হতে থাকে। রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ সন্দেহজনকভাবে নজরুল দম্পতিকে আটক করে। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে তাদের দেওয়া তথ্যে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরের বাংগালপাড়া বিল থেকে আনাছের মরদেহ উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক দম্পতিরও ‘আব্দুল্লাহ’ নামের সমবয়সী একটি সন্তান রয়েছে। আনাছ ও আব্দুল্লাহর মধ্যে প্রায়ই খেলনা নিয়ে ঝগড়া হতো। সেই ঘটনাকে কেন্দ্র করেই নির্মম এ হত্যাকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, নিখোঁজের পর থেকেই ডিবি পুলিশ পৃথকভাবে তদন্ত শুরু করে। নজরুল দম্পতিকে জিজ্ঞাসাবাদের সময় তারা প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে স্বীকার করে— শিশুটিকে হত্যা করে একটি প্লাস্টিকের বস্তায় ভরে পাশের সেফটিক ট্যাংকিতে ফেলেছিল। পরে দুর্গন্ধ ছড়াতে পারে ভেবে বিলের মাঝের একটি ডোবায় লাশটি ফেলে আসে। শাহীনুরের দেওয়া তথ্যে আমরা সেখান থেকে লাশ উদ্ধার করি।
তিনি আরও বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 














