
চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম নোয়াগাঁও এলাকায় একটি বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ইফতারের সময় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে দানু সওদাগরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইফতারের সময় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে দানু সওদাগরের বাড়ির সামনে একটি নোহা গাড়ি এসে দাঁড়ায়। প্রথমে তিনজন বাড়িতে ঢুকে ইফতারের জন্য পানি চায়। গৃহকর্তা সরল বিশ্বাসে তাদের পানি ও ইফতার সামগ্রী দেন। এর পরেই আরও তিনজন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির লোকজনকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এসময় ঘরের আলমিরা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও দামি মালামাল নিয়ে নোহা গাড়িটি দিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় তারা।
এসময় তারা এক লাখ ১৭ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল সেটসহ বিভিন্ন দামি মালামাল নিয়ে যায়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ডাকাতির ঘটনা শুনেছে তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
বাংলার খবর ডেস্ক : 













