
নিজস্ব সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় বিজিবির একটি ক্যাম্পের ভেতর এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গঙ্গারহাট বিওপি ক্যাম্পের বাউন্ডারীর ভেতর এ ঘটনা ঘটে। বিজিবি ও পুলিশ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিজিবির গোয়েন্দা বিভাগ ও পুলিশ পৃথকভাবে তদন্ত শুরু করছে।
নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা বাবুল মণ্ডলের ছেলে। তার সিপাহী নম্বর ১১৪৬০৪। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে নাসিম উদ্দিন সীমান্ত টহলে যাওয়ার উদ্দেশ্যে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন। পরে তিনি ক্যাম্পের ব্যারাকের পূর্ব পাশের বাউন্ডারির ভেতরে অবস্থান নেন। কিছু সময় পর হঠাৎ গুলির শব্দ শোনা যায়।
গুলির শব্দ শুনে দায়িত্বে থাকা তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নাসিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে সেখান থেকে তুলে ব্যারাকের বারান্দায় আনা হয় এবং সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গঙ্গারহাট বিজিবি ক্যাম্পটি সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত। ক্যাম্পটির কিছুটা দূরেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ক্যাম্প রয়েছে। গভীর রাতে হঠাৎ গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘুম থেকে জেগে উঠে ক্যাম্পের দিকে ছুটে যান। তবে নিরাপত্তাজনিত কারণে বিজিবি সদস্যরা স্থানীয়দের ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে দেননি। পরে জানা যায়, এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সৈনিক নাসিম উদ্দিন অবিবাহিত ছিলেন। তিনি পারিবারিক কিছু সমস্যার মধ্যে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এসব বিষয় তিনি সহকর্মীদের সঙ্গে শেয়ার করেননি।
তিনি আরও বলেন, “নাসিম উদ্দিন বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিজিবির গোয়েন্দা বিভাগ। তদন্তে অন্য কোনো কারণ বা তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, নিহত সৈনিকের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করলে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
মো: রশিদুল ইসলাম 


















