
নিজস্ব সংবাদদাতা:
লালমনিরহাট সদর উপজেলার ফকিরটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জাহানারা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অসদাচরণ ও হয়রানির অভিযোগ করেছেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
লিখিত অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষকের আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগকারীরা দাবি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ জানুয়ারি ২০২৬ বিদ্যালয়ে পাঠদান চলাকালে প্রধান শিক্ষকের কথাবার্তা ও আচরণকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
এ ছাড়া সহকারী শিক্ষকদের সাময়িক ছুটি, এ.সি.আর ও বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রে চাপ প্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, পাঠদান চলাকালে প্রধান শিক্ষক মোবাইল ফোনে শিক্ষকদের ছবি ও ভিডিও ধারণ করেন। একইভাবে অফিস সহায়ককে দিয়েও ছবি ও ভিডিও ধারণ করানো হয় বলে অভিযোগকারীরা দাবি করেন। এসব ছবি ও ভিডিও দেখিয়ে শিক্ষকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
অভিযোগে বিদ্যালয়ের কাঁঠাল গাছের ডাল কেটে নিজ বাসায় নেওয়া এবং বিদ্যালয়ের বিভিন্ন খাতে আর্থিক অনিয়মের বিষয়ও উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের সামনে সহকারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ করেছেন শিক্ষকরা।
অভিযোগকারী শিক্ষকরা এসব বিষয় তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মোছাঃ জাহানারা বেগম। তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক জানান যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।
বাংলার খবর ডেস্ক : 















