
নিজস্ব সংবাদদাতা :
বিধবা না হয়েও বিধবা ভাতার কার্ডে নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর বিষয় হলো, যেসব নারীর নামে এসব কার্ড করা হয়েছে, তাঁদের অনেকেই জানেন না যে তাঁদের নামে বিধবা ভাতার কার্ড রয়েছে। স্বামী জীবিত থাকা এবং স্বাভাবিকভাবে সংসার পরিচালনার বিষয়টি সামনে আসায় সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকজন নারীর নামে বিধবা ভাতার কার্ড তৈরি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাফিউল ইসলাম ও তাঁর ছেলে শামীম জীবন-জীবিকা কার্ড করে দেওয়ার কথা বলে সংশ্লিষ্ট নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি সংগ্রহ করেন। পরবর্তীতে তাঁদের নামে বিধবা ভাতার কার্ড তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তবে যেসব নারীর নামে কার্ড তৈরি হয়েছে, তাঁরা আদৌ এ বিষয়ে জানতেন কি না, কারা তাঁদের তথ্য ব্যবহার করে আবেদন করেছেন এবং কার্ডের বিপরীতে কোনো অর্থ উত্তোলন করা হয়েছে কি না—এসব বিষয় নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাফিউল ইসলাম ও তাঁর ছেলে শামীমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে কার্ড তৈরির প্রক্রিয়া ও ভাতার অর্থ উত্তোলনের তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রশ্ন উঠেছে, জীবন-জীবিকা কার্ড করে দেওয়ার কথা বলে নেওয়া জাতীয় পরিচয়পত্র ও ছবি দিয়ে কীভাবে বিধবা ভাতার কার্ড তৈরি হলো? এর নেপথ্যে কী রয়েছে?
বাংলার খবর ডেস্ক : 
















