
ঢাকা : বঙ্গভবনের ওয়েবসাইটে সাবেক রাষ্ট্রপতিদের নামের তালিকায় জিয়া ও এরশাদের নাম থাকা প্রসঙ্গে সম্প্রতি আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব থেকে অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেছেন, এমন তথ্য পরিবর্তন করা উচিত। তাদেরকে সাবেক রাষ্ট্রপতি বলা বেআইনি।
বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন। বিচারপতি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী একশ ভাগ সঠিক কথা বলেছেন। আমরা আমাদের রায়ে পরিস্কার বলেছি, খায়রুল হক সাহেবও রায়ে বলেছেন, তারা বন্দুকের নলে ভর করে ক্ষমতায় এসেছেন। তাদের ক্ষমতা গ্রহণ সম্পূর্ণ বেআইনি।
২০১০ সালের ২৬ আগস্ট এক রায়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে। প্রসঙ্গত, সপ্তম সংশোধনীতে এইচ এম এরশাদের সামরিক শাসনের বৈধতা দেওয়া হয়েছিল।
আর জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলকারী বলে রায় দিয়েছিলেন বিচারপতি এ বি এম খায়রুল হকের (সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান) নেতৃত্বাধীন বেঞ্চ।
তবে বঙ্গভবনের ওয়েবসাইটে সাবেক রাষ্ট্রপতিদের নামের তালিকা অনুসারেÑ জিয়া নবম আর এরশাদ দেশের ত্রয়োদশ ও চতুর্দশ রাষ্ট্রপতি।
এদিকে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবনে এক অনুষ্ঠানে জিয়াউর রহমান ও এইচ এম এরশাদকে অবৈধ রাষ্ট্রপতি আখ্যায়িত করে বলেনÑ হাইকোর্টের স্পষ্ট রায় আছে, জিয়াউর রহমানের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ। এরশাদের ক্ষমতা দখল অবৈধ। তাই পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল ঘোষিত হয়েছে। তার মানে, জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না। যদি রাষ্ট্রপতি বলা হয়, তাহলে হাইকোর্টের রায়ের লঙ্ঘন হবে।
বাংলার খবর ডেস্ক : 






















