লালমনিরহাট প্রতিনিধি।।
রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (২৪ জুন) দুপুরে মিশন মোড় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘আমার বাড়ি’ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল বিএনপির গৌরবময় ঐতিহ্য এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশজুড়ে নানা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
এসময় তিনি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে।
জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর চমৎকার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নজরুল আলম নাজু এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী।
সমাবেশে স্থানীয় ও উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা তৃণমূল পর্যায় থেকে যুবদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলার খবর ডেস্ক : 

























