
নিজস্ব সংবাদদাতা
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১১ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী মুক্তাঞ্চলে একাধিকবার সফর করেছিলেন মেজর জিয়াউর রহমান (পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান)। কতবার তিনি রৌমারীতে এসেছিলেন—তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে প্রতিবারই তিনি রৌমারী বাজার এলাকায় থানার পাশের ঐতিহাসিক ‘কাচারী ঘরে’ বিশ্রাম নিতেন ও রাতযাপন করতেন।
স্বাধীনতার পর ওই ঘরটি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রৌমারী সি জি জামান হাই স্কুলসংলগ্ন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প এলাকার পাশে অবস্থিত আধা-পাকা এই কাচারী ঘরটি কোনো ধরনের সংরক্ষণ ছাড়াই ধীরে ধীরে জরজীর্ণ হয়ে পড়ছে। অথচ ঘরটি আজও বহন করে মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতি—মেজর জিয়াউর রহমানের রৌমারী অধ্যায়।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২৮ আগস্ট রৌমারী মুক্তাঞ্চলেই মেজর জিয়াউর রহমানের উদ্যোগে গড়ে ওঠে বাংলাদেশের প্রথম বেসামরিক প্রশাসনিক ব্যবস্থা। একই সঙ্গে রৌমারী মুক্তাঞ্চলে দেশের প্রথম সামরিক প্রশিক্ষণ স্কুল ও প্রথম অস্থায়ী ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অগ্রণী। প্রতিরক্ষা ব্যবস্থাকে সুসংহত করতে তিনি জেড ফোর্সের তিনটি নিয়মিত ব্যাটালিয়নকে রৌমারীর প্রতিরক্ষায় সম্পৃক্ত করেন।
রৌমারীতে অবস্থানকালে মেজর জিয়াউর রহমান প্রায়ই বলতেন, “রৌমারীতে এসে আমি স্বাধীনতার স্বাদ পাই।” এই মুক্তভূমিকে তিনি গভীরভাবে ভালোবাসতেন এবং কোনো অবস্থাতেই দখলদার পাকিস্তানি বাহিনীর পদভারে রৌমারীকে কলঙ্কিত হতে দেননি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীর উত্তম’ প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে রৌমারী সি জি জামান হাই স্কুল ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রধান সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকেই প্রায় ৩০ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দুই দিন পর, ২৮ মার্চ ১১ নম্বর সেক্টরের সুবেদার আফতাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই স্কুলকে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে উদ্বোধন করেন। পরবর্তীতে টাপুরচর স্কুল, দাঁতভাঙ্গা স্কুল, যাদুরচর স্কুল ও রাজীবপুর হাই স্কুলেও প্রশিক্ষণ কার্যক্রম বিস্তৃত হয়।
এই প্রশিক্ষণ ক্যাম্পগুলোর দায়িত্বে ছিলেন লে. কর্নেল এস আই এম নূরুন্নবী খান। পরবর্তী সময়ে জেড ফোর্সের অধিনায়ক ব্রিগেড কমান্ডার জিয়াউর রহমান এবং তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার মেজর শাফায়াত জামিল নিয়মিত ক্যাম্প পরিদর্শন করে মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও প্রেরণা দিতেন।
স্থানীয় বাসিন্দা কোব্বাস আলী চিশতী (৭৮) বলেন, “মেজর জিয়া যখন রৌমারীতে আসতেন, তখন এই কাচারী ঘরেই বিশ্রাম নিতেন ও ঘুমাতেন। তাঁর কথাবার্তায় সবসময় দেশপ্রেম আর সাহসের বার্তা থাকত। কাচারী ঘরের পাশেই আমাদের বাড়ি হওয়ায় তাকে খুব কাছ থেকে দেখেছি।”
আরেক স্থানীয় বাসিন্দা সুজিত সাহা (৭৪) বলেন, “মেজর জিয়া যে ঘরটিতে ঘুমাতেন, সেটি অবশ্যই সংরক্ষণ করা উচিত। রৌমারীতে তার অসংখ্য স্মৃতি ছড়িয়ে আছে। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক।”
স্থানীয় আদিবাসী নারী শোলক জাহান বেওয়া (৮০) বলেন, “অনেকবার মেজর জিয়াকে দেখেছি। এখন পরিত্যক্ত কাচারী ঘরের পাশে গেলে তার কথা মনে পড়ে যায়।”
মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৭৫) বলেন, “মেজর জিয়াউর রহমানের সময়োচিত সিদ্ধান্তের কারণেই রৌমারী থানা সদর পাকবাহিনীর দখলমুক্ত রাখা সম্ভব হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন সময়ে এটিই ছিল বাংলাদেশের একমাত্র থানা সদর, যা এক মুহূর্তের জন্যও দখলদার বাহিনীর পদভারে কলঙ্কিত হয়নি। তার কাছেই আমি প্রশিক্ষণ নিয়েছি—তিনি রৌমারীর মাটিকে গর্বিত করেছেন।”
তিনি বলেন, ‘রৌমারীতে তার বহু স্মৃতি রয়েছে। মেজর জিয়াউর রহমান যে ঘরটিতে বিশ্রাম নিতেন ও ঘুমাতেন, সেটি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের দাবি, ঐতিহাসিক এই কাচারী ঘরটি সংরক্ষণ করা হলে রৌমারীর মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে আরও দৃশ্যমান হবে এবং একটি গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য রক্ষা পাবে।
মো:রশিদুল ইসলাম 

















